| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা ও সকল প্রকার রিয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমীন। পরম করুনাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ, দ্বীনের ন্যূনতম জ্ঞান পাবার পর চেষ্টা করেছি নিজের শখ, পছন্দ, অপছন্দ, স্বপ্ন, সবকিছুই ইসলামী শরীয়তের গন্ডির ভিতর নিয়ে আসার... আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে অনেক কিছুই সহজ করে দিয়েছেন। সেই সুবাদে যেসব জিনিস আল্লাহ পছন্দ করেন না, নিষেধ করেছেন, তার কোন কিছুই ভাল লাগে না। কিন্তু যেহেতু মানুষ, তাই অনেক সময় নিজের অজান্তেই হয়তো কিছু সীমা অতিক্রম করে ফেলি, বুঝতে পারার পর আল্লাহর কাছে ক্ষমা চাই। আত্মশুদ্ধির প্রবল চেষ্টা চলমান রয়েছে। আল্লাহ আরো সহজ করে দিক, আমীন। বাহ্যিক দিক বিবেচনা করলে আমি খুবই স্বাভাবিক জীবন যাপন করি। দুদিন পরপর নতুন নতুন জামাকাপড় কিনি না, যখন তখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বের হই না, পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করি। দূর থেকে দেখলে, আমার জীবন অনেকটা বাসা টু মসজিদ, মসজিদ টু বাসা টাইপের। সারাদিন শুধু কাজ আর কাজ। সপ্তাহের অধিকাংশ সময় বাসায় ল্যাপটপে কাজ করা হয়, ক্লায়েন্টস প্রজেক্টস, মিটিং, টিম ম্যানেজমেন্ট, এইসব। কিন্তু খুব কাছ থেকে দেখলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটি বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং জীবন উপহার দিয়েছেন। আকাশের মত বিশাল একটি অন্তর দিয়েছেন, চরিত্রে পাহাড়সম দৃঢ়তা দিয়েছেন, এবং অজস্র নিয়ামত দিয়ে চলেছেন, যেগুলোর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, খুবই ন্যূনতম চেষ্টা করি মাত্র। ফজরের পর হাঁটতে ভাল লাগে। মন চাইলে সময় করে পাশের কোন নদীর পাড়ে চলে যাই, সম্ভব হলে নৌকায় ঘুরি... রাতের আকাশে তারা দেখি, বৃষ্টিতে ভিজি, রোদে পুড়ি। সময় নিয়ে মানুষজনের সমস্যার কথা শুনি, সুযোগ হলে লোকজনকে গায়েবের উপর ঈমান, নামাজ, রোজা, হজ, ও যাকাতের দাওয়াত দেই, সবরের উপদেশ দেই। অসৎ কাজ ঘটতে দেখলে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করার চেষ্টা করি। বাকি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের অনেকটাই এসবের সাথে জড়িত। সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের স্বপ্ন দেখি। সেই সুবাদে এলাকায় স্বল্প পরিসরে মসজিদ ভিত্তিক করযে হাসানা প্রকল্প চালু করার তৌফিক আল্লাহ দিয়েছেন। ইতিমধ্যে আমরা ১৫ জনকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করেছি। এটিকে ৫০ থেকে ১০০ জনে প্রসারিত করার ফিকির রয়েছে। এলাকার দ্বীনী ভাইদের অনলাইন বেসড হালাল ইনকামের ব্যবস্থা করার প্রচেষ্টা হিসেবে কিছু ভাইদেরকে ট্রেইন করাচ্ছি। আমরা কতদূর এগোতে পারব আল্লাহই ভালো জানেন। সময় সুযোগ হলে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ও পুরনো বন্ধুবান্ধবদের খোঁজখবর নেয়ার চেষ্টা করি। শরীয়ত বহির্ভূত কোন কাজ ঘটতে দেখলে, অথবা নিজে অপছন্দ করি এরকম কোন কাজ কাউকে বারবার বলার পরেও করতে দেখলে মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, সংযত হতে একটু সময় লাগে। মাটির মতো নরম ও বরফের মতো শীতল হওয়ার চেষ্টায় আছি। এই তো! আল্লাহর দেয়া ফরজ ও ওয়াজিব হুকুম আহকাম গুলো যথাযথভাবে পালন, এবং নবীর সুন্নাহ গুলো সমর্থ্য অনুযায়ী অনুসরণ করার চেষ্টা করি। নিজের সম্পর্কে এখানে আপাতত এতটুকুই বলা সমীচীন বলে মনে করছি। অন্য কোন বিষয়ে জানতে চাইলে জানাবেন, ইংশাআল্লাহ সে বিষয়ে কথা বলা যাবে। লেখালেখি করতে ভালো লাগে। কিভাবে সহজে ইংরেজি ভাষা শেখা যায় তার উপর একটা বই লেখা শুরু করেছিলাম, সময়ের অভাবে এখনো শেষ করতে পারিনি। অতীতের কিছু না বলার মত স্মৃতি আছে, যা বাকি সবকিছু ঠিকঠাক থাকলে, বিয়ের আগে পারিবারিকভাবে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। খুব কাছের লোকজন, যারা আমাকে চিনেন এবং আমার সাথে মিশেন, তারা আলহামদুলিল্লাহ আমাকে, আমার কাজ, এবং উদ্দেশ্যকে ভালোবাসেন, খুব সম্ভবত আল্লাহর জন্যই ভালোবাসেন। আমাকে আরো ভালো হওয়ার জন্য নসীহা করেন। সব সময় দোয়া করি আল্লাহ যেন সামনের দিনগুলোতে হেদায়েতের উপর রাখেন, এবং পরিশুদ্ধ, পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন। স্ত্রী সহ কোন এক রমাদান মাসে ওমরাহ ও পরবর্তীতে হজে যাওয়ার ইচ্ছা রয়েছে। একটি অনুকরণীয়, কোরআনিক পরিবারের স্বপ্ন দেখি। যেখানে স্ত্রী আমাকে সৎ কাজে আদেশ দিবেন, সহযোগিতা করবেন, এবং অসৎ কাজে নিষেধ করবেন। একসাথে সৎকর্মশীল ও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই, যেখানে আমরা কোরআন ও সুন্নাহ কে যাবতীয় সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে বিবেচনা করব। যেখানে অনাগত সন্তানাদি আমাদের অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নিয়ে যাবে, ইংশাআল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব করা ও তার দ্বীন বাস্তবায়ন করাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আল্লহু আকবার।
|