| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে জাহির করাটা আমার কাছে বরাবরই অপছন্দনীয় আবার বেশ কঠিনও বটে। তাছাড়া ব্যক্তিগতভাবে আমি কেবল মুখের কথায় বিশ্বাসী নই, তাই আমার সম্পর্কে আমার পরিবার, পরিচিতজন, বন্ধুবান্ধব থেকে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ ও আমন্ত্রণ রইল। ব্যক্তি হিসেবে আমি একদমই বদ্ধ অন্তর্মুখী নই আবার অতিরিক্ত চঞ্চলতাও অপছন্দ। সর্বদা হাসিখুশি আমি তবে চুপচাপ থাকতে ভালো লাগে। সবস্থানে ভদ্রতা বজায় রেখে, আত্মসম্মান নিয়ে চলতে পছন্দ করি। পরিচিতজনদের অনেকে আমাকে নম্র-ভদ্র, মিশুক, মিষ্টভাষী, সৎ, সত্যবাদী, পরোপকারী, দয়ালু, নিরহংকারী ইত্যাদি শব্দে বিশেষায়িত করে থাকেন। দুনিয়াবি যোগ্যতা বলতে আমি অধম, অজ্ঞ। তবে ব্যক্তি হিসেবে আমি ভীষণ আত্মনির্ভরশীল একজন মানুষ, পরনির্ভরশীলতা পছন্দ করি না। যদিও ছোটবেলা থেকেই যথেষ্ট আদর ও যত্ন-আত্তির মধ্যে বড় হয়েছি আমি। সাংসারিক কাজ, রান্না-বান্না বা গৃহস্থলী সকল কাজকর্মে আমি তেমন দক্ষ নই, অভ্যস্তও নই, এখনও শিখছি। তবে বিশ্বাস করি, নারী বা পুরুষ, একজন আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষ হিসেবে স্বনির্ভরশীল হতে পারাটাও অনেক বড় দক্ষতার সামিল। তাই একটু একটু করে নিজেকে গোছানোর চেষ্টা করছি। আমার এই যাত্রায় একজন সাপোর্টিভ সঙ্গী বিশেষভাবে কাম্য। ব্যক্তি জীবনে আমি কিছুটা স্বাস্থ্য সচেতন, পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি এবং শৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত। অগোছালো, অনিয়ন্ত্রিত, অলস-অকর্মন্য, অতিরিক্ত রাগ, একরোখা জেদী স্বভাব খুবই অপছন্দ করি। মিথ্যাচার বা অন্যায় একদমই মেনে নিতে পারি না, সেটা আমার প্রিয়জনের ক্ষেত্রে হলেও। ধূমপায়ী, অসৎ, কৃপণ, মানুষকে হেয়-প্রতিপন্নকারী, অশ্লীল শব্দ ব্যবহারকারী ব্যক্তিদের সবচেয়ে অপছন্দ করি। মানুষ হিসেবে আমি বেশ সৌখিন এবং রুচিশীল একজন মানুষ। নতুন জায়গা ঘুরতে, নতুন কিছু জানতে, পরিচিত হতে ভাল লাগে। পুরো পৃথিবী জুড়ে আল্লাহ্র সৃষ্টি, সৌন্দর্য ঘুরে দেখার অদম্য ইচ্ছে আমার। জনসেবা বা সমাজ কল্যাণমূলক কাজের প্রতি ছোটবেলা থেকেই একপ্রকার আগ্রহ লালন করি আমি। পথশিশু, অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষদের জন্য স্বল্প পরিসরে হলেও কিছু করার বিশেষ ইচ্ছে আছে। কিন্তু সামর্থ্য থাকলেও মাঠপর্যায়ে গিয়ে কাজ করার সেই সুযোগ বা সক্ষমতা নেই আমার। তাই আমি উদার মনের এমন কাউকে কামনা করি, যিনি সমাজের সকল নিগৃহীত শ্রেণির মানুষদের প্রতি সহমর্মি ভাবাপন্য হবেন। একটি স্বপ্ন, কোন এক বরকতময় শাওয়াল মাসে খুবই সাধারণ অনাড়ম্বর পরিবেশে একটি সুন্নাতী, রহমতপূর্ণ বিয়ের ইচ্ছা পোষণ করি। বিয়ের পরপরই যাওজের হাত ধরে উমরাহতে যেতে চাই। সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন মন নিয়ে পবিত্র নতুন জীবন শুরু করতে চাই। কিছু খারাপ বৈশিষ্ট্যের কথা বলি, ব্যক্তিজীবনে আমি কেবল মানুষের আউটলুক বা বাহ্যিক রূপ-সৌন্দর্য, ক্ষমতা-প্রতিপত্তি, ধন-সম্পদ ইত্যাদি দেখে কখনোই কাউকে পছন্দ করে নিতে পারি না (ছেলে/মেয়ে)। আকাশচুম্বি জনপ্রিয়তা, ঈর্ষনীয় সাফল্য, যোগ্যতা-দক্ষতা ইত্যাদি কখনোই আমার আগ্রহের বিষয়বস্তু ছিল না। কোনো এক অজানা কারণে এসব কোনো কিছুই আমাকে মুগ্ধ বা আকৃষ্ট করতে পারে নি কোনদিন। একজন ব্যক্তির ব্যক্তিত্ব, সততা, নীতি-আদর্শের বিপরীতে এই বিষয়গুলো কেবল আপেক্ষিক, এতটাও গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। যাবতীয় সবকিছু মেনে নিতে পারলেও দ্বীনের ব্যাপারে সামান্যতম ছাড় দিতে রাজি নই আমি। হতে পারে এটা আমার খারাপ বৈশিষ্ট্যগুলোর একটি। খারাপ বলছি কারণ, অনেক সময় এসব কারণেই আমার প্রতি অসন্তুষ্ট হন অনেকে। তবে আমি আল্লাহ্র রহমত সম্পর্কে নিরাশ নই, আশাহতও নই। নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ্!
|